Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প

মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প
রমনার বকুল তলায়  এক প্রাণবন্ত ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের নবীন ও প্রবীণ ক্যালিগ্রাফি শিল্পীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প। 

মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে এবং ক্যালিগ্রাফার মাহমুদুল হাসানের সভাপতিত্বে গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরপুর ছিল।

অনুষ্ঠানে বিচারক হিসেবে  উপস্থিত ছিলেন দেশের সনামধন্য ক্যালিগ্রাফি শিল্পসংগঠন ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের সভাপতি ইসমাইল হোসেন এবং সহ-সভাপতি সাজু তাওহীদ। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত একঝাঁক প্রতিভাবান ক্যালিগ্রাফি শিল্পী তাদের সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে ক্যাম্পের প্রতিযোগিতামূলক পর্বকে করে তোলেন অত্যন্ত প্রাণবন্ত ও উপভোগ্য।

অংশগ্রহণকারী শিল্পীদের কাজের মান ছিল এতটাই নিখুঁত ও নান্দনিক যে বিচারকদের বিজয়ী নির্বাচন করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। পরবর্তীতে প্রতিযোগীদের কাজের মান বিবেচনায় দুইটি গ্রুপে বিভক্ত করে পুরস্কৃত করা হয়। ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন রাইসুল ইসলাম, দ্বিতীয় হন তাহমিদ শেখ এবং তৃতীয় স্থান অর্জন করেন জুবায়ের আহমেদ। ‘খ’ গ্রুপে প্রথম হন ফয়েজ আহমেদ, দ্বিতীয় সাইফুল্লাহ এবং তৃতীয় হন জুনায়েদ আহমেদ।

আর্ট ক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল উন্মুক্ত প্রদর্শনী। প্রতিটি শিল্পীর একটি করে ক্যালিগ্রাফি পেইন্টিং পার্কে প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং আলহামদুলিল্লাহ, বেশ কিছু শিল্পকর্ম সেখানেই বিক্রী ও হয়েছে।

পুরো আয়োজনজুড়ে ছিল শিল্পী ও দর্শকদের উপচে পড়া ভিড়। সবার মুখে ছিল প্রশান্তির হাসি, আর পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য। ক্যাম্পের বিশেষ আকর্ষণ ছিল মাহমুদুল হাসানের বিশাল ক্যানভাসে সরাসরি কাজ, যেখানে তিনি নবীন শিল্পীদের জন্য রঙের ব্যবহার, কলাকৌশল এবং বড় ক্যানভাসে কাজ করার সাহসিকতা নিয়ে বাস্তবধর্মী দিকনির্দেশনা দেন।

এছাড়াও নেটিজেনদের জন্য ছিল বিশেষ আকর্ষণ—লটারির মাধ্যমে পুরস্কার। মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের লাইভ ঘোষণাটি শেয়ার করে যারা ইনবক্স করেছিলেন, তাদের মধ্য থেকে একজনকে লাইভেই বিজয়ী ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে মাহমুদুল হাসান জানান, এই আর্ট ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল নবীন ক্যালিগ্রাফারদের আরও উৎসাহিত করা এবং সকল শিল্পীদের একত্রে কাজ করার মাধ্যমে পারস্পরিক শেখার পরিবেশ তৈরি করা। পাশাপাশি তিনি দ্বিতীয় আর্ট ক্যাম্প আয়োজনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সবশেষে, সকল অংশগ্রহণকারী ও দর্শকদের হাসিমুখে বিদায় জানানোর মধ্য দিয়ে এ সফল আয়োজনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন “তৃতীয় মাত্রা” পত্রিকার সাংবাদিক আবু কাউসার মিঠু, প্রমুখ।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF