Logo
প্রিন্টের তারিখ: 03 August 2026 | প্রকাশের তারিখ: Aug 3, 2026

News Headlines : ১৫ মে কালি ও কলমের ঢাকায় আনিসুজ্জামান স্মারক বক্তৃতা

১৫ মে কালি ও কলমের ঢাকায় আনিসুজ্জামান স্মারক বক্তৃতা

 বাংলাদেশের শীর্ষ গবেষক, আমৃত্যু শিক্ষাব্রতী, প্রাবন্ধিক, অসাম্প্রদায়িক চেতনার প্রসারে অগ্রণী ব্যক্তিত্ব এবং গণতান্ত্রিক সমাজ নির্মাণ-আন্দোলনের ধীমান ভাবুক অধ্যাপক আনিসুজ্জামান ১৪ মে ২০২০ সালে পরলোকগমন করেন। তাঁর স্মরণে সাহিত্য শিল্প সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম আয়োজন করেছে “আনিসুজ্জামান স্মারক বক্তৃতা ২০২৬”। 

আগামী শুক্রবার, ১৫ মে বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের লেভেল-১ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবারের বক্তৃতার বিষয় -  সাহিত্যে বাঙালি নারী: সেকাল ও একাল।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও গবেষক আফসানা বেগম। আলোচক হিসেবে অংশ নেবেন প্রাবন্ধিক ও সাংস্কৃতিক বিশ্লেষক হামীম কামরুল হক। অনুষ্ঠানে দেশের সাহিত্যিক, গবেষক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, কালি ও কলমের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘আনিসুজ্জামান স্মারক বক্তৃতা ২০২৬’-এর সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক বিবৃতিতে তিনি বলেন, অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন বাংলাদেশের প্রগতিশীল চিন্তার এক উজ্জ্বল আলোকবর্তিকা। তাঁর জীবন, কর্ম ও চিন্তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। এমন একটি স্মারক বক্তৃতা আয়োজন সমাজে মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অধ্যাপক আনিসুজ্জামানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্মরণে আয়োজিত এ ধরনের আলোচনা সভা ও বুদ্ধিবৃত্তিক আয়োজন সমাজে মুক্তচিন্তা ও প্রগতিশীল সংস্কৃতির বিকাশে সহায়ক হবে। তিনি অনুষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন এবং সাহিত্য-সংস্কৃতিপ্রেমী মানুষকে এতে অংশগ্রহণের আহ্বান জানান।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF