Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাংলাদেশিসহ নিহত ২

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাংলাদেশিসহ নিহত ২

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তিনটি লরি ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে এক বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে ডিউটি-উলু ক্লাং এক্সপ্রেসওয়ের আয়ের পানাস টোলপ্লাজা থেকে আমপাংমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস।

কুয়ালালামপুর সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের প্রধান সহকারী কমিশনার জামজুরি মোহাম্মদ ইসা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি লরি সড়কের মাঝখানে থেমে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেটির সঙ্গে ধাক্কা খায়।

পরে আরেকটি লরি সহায়তার জন্য থামলে, পেছন থেকে আসা তৃতীয় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সবগুলো যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন এক মালয়েশিয়ান লরিচালক (৫২) ও এক বাংলাদেশি পিকআপ চালক (৫৩)।

দুর্ঘটনার সময় তারা নিজ নিজ গাড়ির বাইরে অবস্থান করছিলেন। সংঘর্ষের ফলে তারা যানবাহনের নিচে চাপা পড়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আরও দুই মালয়েশিয়ান ও এক বিদেশিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সর্বশেষ লরিটির নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই ভয়াবহ ধারাবাহিক দুর্ঘটনা ঘটেছে।


All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF