Logo
প্রিন্টের তারিখ: 03 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : ভোলা-বরিশাল সেতুর দাবিতে শাহবাগ অবরোধ আন্দোলনকারীদের

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শাহবাগ অবরোধ আন্দোলনকারীদের
ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ শুক্রবার বেলা তিনটায় পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি জাতীয় জাদুঘরের সামনে শুরু হলেও পরে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করা হয়।

অবরোধের কারণে এ মোড়ের সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা ‘সেতু, সেতু, সেতু চাই, ভোলা-বরিশাল সেতু চাই’, ‘দাবি মোদের একটাই, ভোল-বরিশাল সেতু চাই’, ‘আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কী দাও’সহ নানা স্লোগান দেন।
এই কর্মসূচি সামনে রেখে দুপুরের পর থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল আসতে দেখা যায়। সেতু ছাড়াও আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, গ্যাসভিত্তিক শিল্পায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নদীভাঙন রোধে টেকসই বেড়ি বাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করা।

আন্দোলনের সমন্বয়কারী আতিক ইয়াসির আকিল প্রথম আলোকে বলেন, ‘আমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত শাহবাগে অবস্থান করব। আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

শাহবাগে আন্দোলনে আসা ভোলার গণমাধ্যমকর্মী আদিল হোসেন প্রথম আলোকে বলেন, ভোলার সঙ্গে সড়কপথে দেশের অন্যান্য অংশের যোগাযোগ না থাকায় জেলার প্রাকৃতিক গ্যাস দেশের অর্থনীতিতে খুব বেশি অবদান রাখতে পারছে না। ভোলা বর্তমানে সারা দেশ থেকে বিচ্ছিন্ন, সেতু হলে এটি কেটে যাবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF