গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে মেডিকেল কলেজ রোডের সিদ্দিকি আকবর মসজিদ—স্থানীয়ভাবে ‘মিন্টু মিয়ার মসজিদ’ নামে পরিচিত—এবার চুরির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে মসজিদ থেকে তিনটি সিলিং ফ্যান চুরি হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে মসজিদ থেকে একটি ফ্যান চুরি হয়। এর রেশ কাটতে না কাটতেই গত ২৩ এপ্রিল দুপুর আনুমানিক তিনটার দিকে আরও দুটি সিলিং ফ্যান উধাও হয়ে যায়। ঘটনাটি ঘটে কাউন্সিলর আল-আমিন ইসলামের বাসার সামনেই অবস্থিত এই মসজিদে, যা এলাকাবাসীর মধ্যে আরও বিস্ময় তৈরি করেছে।
মুসুল্লীদের ধারণা, পরিকল্পিতভাবেই চোরচক্র লোডশেডিংয়ের সময়টিকে বেছে নিয়েছে, যাতে সিসিটিভি ক্যামেরায় তাদের উপস্থিতি ধরা না পড়ে। এতে চুরির ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে।
মসজিদের একাধিক মুসল্লী জানান, আল্লাহর ঘরেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এক প্রবীণ মুসল্লী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা আল্লাহর ঘর থেকে ফ্যান চুরি করতে পারে, তারা কি মানুষ?”
স্থানীয়দের দাবি, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। না হলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।
স্বদেশ সময়