ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী নয়, বরং কোনো একটি রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন।
হিরো আলম জানান, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করা তার জন্য নতুন অভিজ্ঞতা হবে। এর আগে তিনি একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছেন। তবে এবার তিনি সংগঠিতভাবে কাজ করতে এবং নিজের পরিকল্পনা আরও জোরালোভাবে উপস্থাপন করতে চান।
তিনি বলেন, এখনো চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি তিনি ঢাকা উত্তর নাকি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে নির্বাচন করবেন। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি জনসংযোগ বাড়াতে কাজ শুরু করেছেন। সাধারণ মানুষের সমস্যা জানার পাশাপাশি সেগুলোর সমাধানে পরিকল্পনাও করছেন বলে জানান তিনি।
কোন রাজনৈতিক দলের হয়ে তিনি নির্বাচন করবেন, তা এখনো নিশ্চিত হয়নি। তবে কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
এর আগে হিরো আলম বগুড়া-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা না দেওয়ায় নির্বাচনে অংশ নেওয়া হয়নি।
স্বদেশ সময়